শহিদ পরিবার ও জুলাই-যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে, জুলাই সনদের কাজ প্রায় শেষের দিকে, আগামী ৫ আগস্ট এটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ।
শনিবার (২আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ‘গত বছরের জুলাইয়ে কী ঘটেছিল, তা আমাদের স্মৃতিতে আজও জেগে আছে। আজকের এই আয়োজনে সেই স্মৃতি আরও একবার জীবন্ত হয়ে উঠেছে। এখন আমাদের দায়িত্ব হলো দেশকে সংস্কার করে এগিয়ে নেওয়া, সেই প্রচেষ্টা চলমান রয়েছে।’
জুলাই আন্দোলনের যোদ্ধাদের পরিচিতি নির্ধারণে ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘যোদ্ধাদের একটি পরিচয় থাকা দরকার। বিভিন্ন নাম দিলে বিভ্রান্তি তৈরি হয়। আমি মনে করি, নামটি ‘জুলাই যোদ্ধা’ হলে সবাই একটি প্ল্যাটফর্মে থাকবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে দোয়ার মাধ্যমে শহিদদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
নাঈম/অমিয়/