সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি লক্ষ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।
আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, সীমান্তবর্তী এলাকায় তার মামার একটি মাছের ঘের রয়েছে। প্রতিদিনের মতো সোমবার (৪ আগস্ট) ভোরেও তিনি ঘেরে খাবার দিতে যান। এ সময় ভারতীয় ভূখণ্ড থেকে কয়েকজন লোক দৌড়ে আসতে থাকলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি আলমগীরের ঘাড়, চোখ ও মাথার পাশে লাগে, এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম আক্তার মারুফ বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।
এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন জানান, ‘আহত আলমগীর গত ৩০ জুলাই অবৈধভাবে ভারতের আত্মীয়ের বাড়িতে যান। সোমবার তিনি পুনরায় বাংলাদেশে ফিরছিলেন, তখন বিএসএফের গুলিতে তিনি আহত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।’
নাজমুল/নাঈম/অমিয়/