যে সব স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি তেমন হয় না, লোকসানে চলছে, সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (৯ আগস্ট) সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ২৪টি বন্দরের মধ্যে আটটি বন্দর বন্ধ করতে চেয়েছিলাম। ইতোমধ্যে চারটি বন্ধ করতে পেরেছি। বাকি ২০টি বন্দরের মধ্যে ১২ থেকে ১৪টির বেশি কার্যকর নেই। এসব বন্দরকে আধুনিকায়ন করে কী হবে। এক পয়সা যেখানে আয় নেই, সারা বছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তো হচ্ছে এর চেয়ে অনেক বেশি।
যেগুলো কার্যকরি ও বড় বন্দর সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে বলেন তিনি।
এছাড়া আর কিছু নদীবন্দর রয়েছে এগুলোকেও আমরা এভাবে বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা করছি।
এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়্যারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরে যেসব জটিলতা রয়েছে সেগুলো তুলে ধরেন।
পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।
কুদ্দুস আলী/অমিয়/