চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দার বন্যার পানিতে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়া এবং সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা দশরশিয়া গ্রামে পৃথক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- চরমোহনপুর চকপাড়ার খোকনের ছেলে আরিয়ান (৪) ও তার চাচাতো ভাই কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রহমান (৭) এবং শিবগঞ্জের চরপাঁকা দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাঈদ (১৩ মাস)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশে মহানন্দা নদীর বন্যার জমে থাকা পানিতে মাছ ধরতে যায় আরিয়ান ও মোজাহিদুর। এ সময় সেখানে গর্তের মধ্যে পড়ে গিয়ে আর উঠতে না পারায় সেখানেই তাদের মৃত্যু হয়। পরে জানতে পেরে পরিবার ও স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা খাতুন বলেন, ‘শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘মাছ ধরতে গিয়ে দুই শিশু ডুবে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।’
অন্যদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যার পানিতে ডুবে ১৩ মাস বয়সী সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, ‘সকালে সাঈদ পরিবারের অগোচরে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ওই স্থান থেকে সাঈদকে মৃত অবস্থায় উদ্ধার করে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘বন্যার পানিতে ডুবে সাঈদ নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’
আসাদুল্লাহ/সালমান/