ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে সীমান্ত এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর সীমান্তের কুসুমপুর বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এ সময় স্থানীয় দালালসহ তিনজনকে আটক করা হয়। আটকদের মধ্যে দুইজন নারী রয়েছে।
এদিকে ভোর ৬টার দিকে সীমান্তের লড়াইঘাট বিওপির অপর এক অভিযানে দুই নারী ও দুই শিশুসহ আরও ছয়জনকে আটক করে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাহফুজ/রিফাত/সুমন