দিনাজপুর শহরের লেবুরমোড় গোলাপবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অগ্নিদগ্ধ রফিকুল গাজী (৩৮), দিনাজপুর শহরের লালবাগ লেবুর মোড় এলাকার শাহাজাত গাজী ছেলে। হাসি গাজী (৩২) একই এলাকার শাহাজাত গাজীর। হযরত আলী (২০) ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আদা দিঘী গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। শুভ ইসলাম (৩৪) দিনাজপুর শহরের গোলাপবাগ লেবুর মোড় এলাকার আনিছুর ছেলে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবাইদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের ত্রুটি অথবা অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলেও তিনি জানিয়েছেন।
সুলতান মাহমুদ/মাহফুজ