চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে অসংগতির অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ। তিন সদস্যের কমিটিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ডের কর্মকর্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কমিটি গঠন করেন বোর্ড চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ।
জানা গেছে, বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপ-পরিচালক মুহাম্মদ একরামূল হককে প্রধান করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- বোর্ডের উপসচিব মোহাম্মদ মোরশেদ আলম এবং সহকারি কলেজ পরিদর্শক আবুল কাশেম মো. ফজলুল হক।
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সে সময় পাশ করে ১ লাখ ১ হাজার ১৮১ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। এরপর গত ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা। গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়। সেখানে ১ হাজার ৬৬৯ জনের ফলাফলে পরিবর্তন আসে। ১ হাজার ৭৪২ জনেরবখাতায় নম্বর পরিবর্তন হয়েছে। ৬৪৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৬৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। নতুন ফলাফল অনুযায়ী চট্টগ্রামে এবার পাস করেছে ১ লাখ ১ হাজার ২৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯০৮ জন।
রিফাত/