মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে স্থানীয়রা ভাঙচুরের বিষয়টি প্রথম লক্ষ্য করেন। খবর পেয়ে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস ঘটনাস্থলে যান।
তিনি বলেন, 'সকালে স্থানীয়রা আমাকে খবর দিলে আমি দ্রুত মন্দিরে ছুটে যাই। দেখি দুটি মূর্তির মাথা ও হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। আমাদের এই মন্দিরটি গ্রামের নির্জন স্থানে অবস্থিত হওয়ায় সেটি অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা এ কাজটি করেছে।'
তিনি আরও বলেন, 'আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ নেই। কিন্তু দুর্গাপূজার আগে এ ধরনের ঘটনা ঘটিয়ে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আমরা ধারণা করছি।'
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, 'ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ সুপার, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়েছেন। দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
আসাদ জামান/সুমন/