চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি জরিপ (ফিল্ড সার্ভে) শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের টাইগারপাস্থ চসিক কার্যালয়ে এই বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়, সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী।
এ সময় মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে। এ জন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। মনোরেল নির্মাণের জন্য আমরা ইতোমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছি। আজ প্রকল্পের ভূমি জরিপ শুরু হয়েছে। এরপর পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের পর কাজ শুরু হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রকল্পটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে। বিডাসহ সবগুলো সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।
ইফতেখারুল/নাঈম