লালমনিরহাটের পাটগ্রামে বিএমডিসি নিবন্ধন ছাড়াই অবৈধভাবে প্রতারণামূলক চিকিৎসা দেওয়ার অপরাধে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখার নিচতলায় রহমত ফার্মেসি-সংলগ্ন ব্যক্তিগত চেম্বারে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, নেত্রকোনা জেলার দুর্গাপুর ঝানজাইল এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে জিল্লুর রহমান জুয়েল (৩৫), বৈবাহিক সূত্রে প্রায় ৮ বছর ধরে পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা এলাকায় বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে পাটগ্রাম বাজারে কোনো বৈধ সনদপত্র বা নিবন্ধন ছাড়াই ব্যবস্থাপত্র লিখে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার এই অবৈধ চিকিৎসার কারণে জনগণের স্বাস্থ্য, অর্থ ও জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ভুয়া চিকিৎসক জুয়েলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ সময় পাটগ্রাম থানার পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, ‘জিল্লুর রহমান জুয়েল দীর্ঘদিন ধরে কোনো নিবন্ধন ছাড়াই চিকিৎসা দিয়ে আসছেন। এমন তথ্য পাওয়ার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’
এ বিষয়ে ইউএনও উত্তম কুমার দাশ জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মিনহাজ/এসজি/