অক্টোবর মাসে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও জেলা মৎস্য দপ্তর।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে। জেলা মৎস্য দপ্তরের নেতৃত্বে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় পরিচালিত ওই অভিযানে কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এসব মাছ জব্দ করা হয়।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞার সময় নদীতে ট্রলার নামিয়ে কিছু অসাধু জেলে ইলিশ শিকার করছিলেন এমন সংবাদে অভিযান চালানো হয়। এতে প্রায় ৪ লক্ষ টাকার মাছ জব্দ করা হয়।
২১ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জব্দকৃত মাছ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে পটিয়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, 'ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
সরকারি নির্দেশনা অনুযায়ী, ইলিশের টেকসই উৎপাদন ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
রাফিউল/মৌসুমী/