নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার এলাকায় চাপরাশি খালের উপর অবৈধভাবে নির্মিত ২০টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে শুরু করে দিনব্যাপী চলা এই অভিযানে খালের দখল করা ও ভরাট করা অংশ পুনরুদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।
ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, “সরকারি খাল ও জলধারা জনগণের সম্পদ। খালের স্বাভাবিক প্রবাহ রক্ষায় কোনো প্রভাবশালী বা ব্যক্তি বিশেষকে অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না। খাল দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানের সময় স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে দখল ও বর্জ্য ফেলার কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল দখলমুক্ত হওয়ায় এলাকাবাসী স্বস্তি ফিরে পেয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু চাপরাশি খাল নয়, উপজেলার অন্যান্য খাল, জলাশয় ও সরকারি জমিও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।
আবু নাছের/নাঈম