সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে দুটি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড গুলিসহ আটক কোস্টগার্ড। নজরুল শেখ বাগেরহাটের রামপালের বাসিন্দা।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন
তিনি বলেন, কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা বিশেষ অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নজরুল শেখ দীর্ঘদিন ধরে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল। এ ছাড়াও গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই এই বাহিনীকে আটক করতে অভিযানে নামে কোস্টগার্ড
এর আগে ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক করে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়।
জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ডাকাতের পরবর্তী আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন।
রিফাত মাহামুূদ/এসএন