কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সাম্পান নৌকায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন অবস্থান করছে।
এরপর মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক ঐ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বোটে থাকা নারী ও শিশুসহ মোট ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়; ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের গ্রেপ্তারে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
শাহীন/রিফাত/