চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বোরকা পরে চাচা মোস্তফা ভূঁইয়াকে কুপিয়ে রক্তাক্ত করেছেন ভাতিজা মিজানুর রহমান (৫১)। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর ভোর পৌনে পাঁচটার দিকে মোস্তফা ভূঁইয়া নামাজে যাওয়ার পথে উপজেলার মালরা ভূঁইয়া বাড়ি জামে মসজিদের পশ্চিম পাশে পুকুরপাড়ে বোরকা পরে পথরোধ করেন মিজানুর রহমান, তার স্ত্রী ফুলবানু (৪৫), ভাই মো. মফিজ ভূঁইয়া ও মেয়ে শাহনারা বেগম মিলে দা ও লাঠিসোঁটা দিয়ে মোস্তফা ভূঁইয়ার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় স্থানান্তর করে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আহতের ছেলে মোশাররফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা করেছেন।
গত ২৯ অক্টোবর রাতে চাঁদপুর সদর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৮ অক্টোবর নিজ বাড়ি থেকে তার স্ত্রী ফুলবানুকে আটক করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, 'আমরা শুরু থেকেই মামলাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করেছি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। আটক মিজানুর রহমান ঘটনার ১৫ দিন আগ থেকে আত্মগোপনে ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মেহেদী/