জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের পরদিন কুলসুম (১১) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকায় ঝিনাই নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে। এনিয়ে নদীতে ডুবে চার শিশুর মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরও এক শিশু।
মৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার সন্তান সহোদর ভাই-বোন আবু হাসান (৮) ও মরিয়ম (১২), কাজিয়াবাড়ী এলাকার আজাদের মেয়ে কুলসুম (১১) এবং সরিষাবাড়ী উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সাইরা আক্তার (৮)।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকায় ঝিনাই নদী থেকে কুলসুম নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ পর্যন্ত এ দুর্ঘটনায় চারজন শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় পাঁচ শিশু। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিল কুলসুম ও বৈশাখী। রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়। সকালে কুলসুমের মরদেহ উদ্ধার করা হলেও বৈশাখী এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ছয়জন শিশু ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় ইয়াসীন নামে এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি পাঁচজন পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আসমাউল আসিফ/রিফাত/