বাগেরহাটে আওয়ামী লীগের ডাকা লকডাউনে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস, অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
জেলা শহর ও সব উপজেলাের দোকানপাট খোলা রয়েছে। প্রতিদিনের মতোই জনসাধারণের চলাচলও স্বাভাবিক রয়েছে।
বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসা একাধিক সাধারণ যাত্রী জানান, সকালে লকডাউনের কারণে কিছুটা ভয় ছিল। তবে পরে দেখা যায়, সব গাড়ি স্বাভাবিকভাবে চলছে। ভাড়া বা চলাচলে কোনো সমস্যা হয়নি। বাজারে ও রাস্তায় মানুষের উপস্থিতিও আগের মতোই ছিল। “আসলে লকডাউন বলে আমাদের যাতায়াতে তেমন কোনো প্রভাব পড়েনি,” বলেন এক যাত্রী।
বাগেরহাট আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, 'বাগেরহাটের সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে লকডাউনের খবর শুনে অনেক যাত্রী ভয়ে রাস্তায় নামেননি, ফলে যাত্রীসংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের ডাকা লকডাউনে বাগেরহাটে যান চলাচলে কোনো ধরনের বাধা বা সমস্যা পরিলক্ষিত হয়নি।'
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, 'এখন পর্যন্ত জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।'
রিফাত/মেহেদী/