নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের চিহ্নও দেখা যায়নি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বরং সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো উপজেলা জুড়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মুখর ছিল রাস্তাঘাট।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী, চন্দরঘোনা, মরিয়মনগর, কোদালা, সরফভাটা, গোডাউন, রানীরহাট, ইসলামপুর, গাবতল, কাপ্তাই সড়ক ও রাঙ্গামাটি সড়কসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেওয়া নেতারা বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা জুলাই আগস্টে পতনের পর ইন্ডিয়া থেকে আগামী নির্বাচনকে বানছাল করার জন্য এই লকডাউন দিয়েছেন। তিনি যেই ইন্ডিয়াতে বসে নীল নকশা এঁকেছেন তার অংশ হিসেবে দেশের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের দিয়ে গুপ্ত হামলা করছে। এত ষড়যন্ত্রের পরেও তার ঠাঁই হবে না দেশের মাটিতে। সাধারণ জনগণ আমাদের সাথে রাজপথে আছে।”
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। স্থানীয় এলাকাবাসীর মতে, লকডাউন কার্যত ‘ফেল’ হয়েছে, রাঙ্গুনিয়ার জনজীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি আওয়ামী লীগের ঘোষিত এ কর্মসূচি।
তৈয়্যবুল/মাহফুজ