নরসিংদীতে ভূমিকম্পে নিহত পাঁচজনের মধ্যে ছয়তলা ভবনের রেলিং ভেঙে চাপা পড়ে প্রাণ হারানো দেলোয়ার হোসেন এবং তার ১০ বছর বয়সী ছেলে ওমর ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২টায় সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকার জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমির মুছলেহ উদ্দিন, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নিহতদের স্বজনসহ স্থানীয় হাজারো মানুষ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান নিহত দেলোয়ারের ছোট ভাই আনোয়ার হোসেনের হাতে নগদ ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন।
জানাজার আগে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ নরসিংদীতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। সরকারও শোক প্রকাশ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শোক জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’
নিহত দেলোয়ারের ছোট ভাই আনোয়ার হোসেন বলেন, ‘ভাই স্ত্রী-সন্তান নিয়ে গাবতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আমাদের পরিবার ইসলামী সংস্কৃতিতে চলে। আমার একমাত্র ভাতিজাকে তিনি হাফেজ বানানোর স্বপ্ন দেখতেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। মহান আল্লাহ নিশ্চয়ই তাদের কবুল করে নিয়েছেন।’ এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
জানাজা শেষে শত শত মানুষ মাদ্রাসা মাঠে ভিড় করে নিহতদের শেষবারের মতো দেখতে চান। পরে স্বজনরা দেলোয়ার ও তার ছেলের মরদেহ লাশবাহী গাড়িতে করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যান। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলে জানান স্বজনরা।
অন্যদিকে, নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ ছাড়া কাজীরচর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়াও (৪৫) ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। তাদের সবাইকে শুক্রবার সন্ধ্যার আগে দাফন করা হয়েছে বলে জানা যায়।
শাওন/এসজি/