নাটোরের নলডাঙ্গা এবং সিংড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অংশ নেন জেলা পুলিশের প্রায় ১৭০ জন সদস্য।
অভিযানটি শুকবার (২৮ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত চলে।
গ্রেপ্তারদের মধ্যে নলডাঙ্গা থানা এলাকায় ১৫ জন রয়েছেন, যাদের মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত আসামী, সাজাপ্রাপ্ত আসামী ও চুরি মামলার আসামী। সিংড়া থানা এলাকায় গ্রেপ্তার হয়েছেন ২৬ জন, যাদের মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত আসামী, সাজাপ্রাপ্ত আসামী, চুরি ও ডাকাতি মামলার আসামী।
অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ১টি, লোহার চাপাতি ১টি চাকু এবং বিভিন্ন ধরনের অবৈধ মাদক জব্দ করা হয়েছে। উদ্ধার করা ওয়ান শুটার পাইপ গানটি পাওয়া যায় আন্তজেলা ডাকাত দলের সদস্য, সিংড়ার নিঙ্গুইন ভাটোপাড়ার শহিদুল ইসলামের কাছ থেকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নলডাঙ্গা ও সিংড়া থানায় মোট পাঁচটি মামলা করা হয়েছে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিংড়া ও নলডাঙ্গা থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, ওয়ারেন্ট তামিল, চোর ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তার করার লক্ষ্যে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অংশ নিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বড়ইগ্রাম সার্কেল শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল নূর মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট থানার ওসি। এছাড়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের ৫০ জনসহ জেলা পুলিশের প্রায় ১৭০ জন সদস্যও অভিযানে অংশ নেন।
কামাল মৃধা/রিফাত