ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন টিভিতে আজকের খেলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের চালান জব্দ, আটক ১ জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৭ লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধর, ৪ ঘণ্টা পর কৃষকের মৃত্যু সেনেগালের কঠিন পরীক্ষা, নরওয়ের চোখ নক আউটে যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ মালয়েশিয়ায় ‘হালাল’ পণ্য রপ্তানির অপার সম্ভাবনা কাতারের ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮ হাজারীবাগ থেকে হেমায়েতপুর পূর্ণতা পায়নি চামড়া শিল্পনগরী শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী: আগাছার দখলে সম্ভাবনার প্রকল্প

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী: আগাছার দখলে সম্ভাবনার প্রকল্প
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীটি আগাছায় ছেয়ে গেছে। ছবি: খবরের কাগজ

সরকারের বিপুল অর্থ ব্যয়ে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী চার বছর পার হলেও এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ৪২ কোটি টাকায় এ প্রকল্পের অবকাঠামো তৈরি হলেও বাস্তবে কার্যক্রম প্রায় অচল। রাস্তা, ড্রেনেজ, নিরাপত্তা ও মৌলিক অবকাঠামোর ঘাটতিতে উদ্যোক্তারা বিনিয়োগে নিরুৎসাহিত। ফলে অঞ্চলজুড়ে যে কর্মচাঞ্চল্যের স্বপ্ন দেখা হয়েছিল, তা এখন আগাছায় ঢাকা নীরব এক স্থানে পরিণত হয়েছে।

বিসিক শিল্পনগরীটি ২০২১ সালে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ২৫ দশমিক ২ একর জমির ওপর ৪১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়। উদ্দেশ্য ছিল স্থানীয় কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গতিশীল করা, কর্মসংস্থান বাড়ানো এবং জেলার অর্থনীতিকে আরও শক্তিশালী করা। কিন্তু প্রকল্পটির নির্মাণ শেষ হওয়ার পর চার বছর কেটে গেলেও বাস্তবে কোনো প্রাণচাঞ্চল্য তৈরি হয়নি। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সরকারি অর্থে নির্মিত অবকাঠামো আজ অবহেলা আর আগাছার আড়ালে হারিয়ে যাচ্ছে।

বিসিকের ৭৮টি প্লটের মধ্যে ৩১টি প্লট বরাদ্দ দেওয়া হলেও নানা জটিলতায় ছয়জনের বরাদ্দ বাতিল করা হয়েছে। বর্তমানে ২৫ বরাদ্দপ্রাপ্ত উদ্যোক্তার মধ্যে ২২ জনই কাজ শুরু করতে পারেননি। মাত্র সাতটি ভবনের নির্মাণ শুরু হলেও বাণিজ্যিকভাবে চালু হয়েছে তিনটি কারখানা। বাকিগুলো এখনো ইট, বালু ও আগাছার আড়ালে ঢেকে আছে। 

উদ্যোক্তারা জানান, গ্যাস-বিদ্যুতের স্থায়ী সংযোগ নেই, ড্রেনেজ ব্যবস্থা দুর্বল, সেই সঙ্গে রাতে নিরাপত্তাহীনতার কারণে তারা কাজ শুরু করতে পারছেন না। এসব বিষয়ে অনেক উদ্যোক্তা বারবার বিসিক অফিসে যোগাযোগ করেও সমাধান পাননি। 

সম্প্রতি সরেজমিন দেখা গেছে, পুরো বিসিক শিল্পনগরীর চিত্র এখন পরিত্যক্ত প্রকল্পের মতো। রাস্তা ভাঙা, ড্রেন বন্ধ, অনেক জায়গায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এত বড় প্রকল্পে কোনো নিরাপত্তাকর্মী নেই। পুরো এলাকায় নীরবতা বিরাজ করে। মনে হয়েছে, ভৌতিক কোনো স্থানে চলে এসেছি। 

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি অর্থে তৈরি শিল্পনগরী এখন যেন জঙ্গলে পরিণত হয়েছে। সেখানে বিনিয়োগ করা মানে বড় ঝুঁকি নেওয়া।

নাম প্রকাশ না করার শর্তে একজন উদ্যোক্তা বলেন, ‘প্লট তো পেয়েছি, কিন্তু শিল্প স্থাপনের পরিবেশই নেই। ড্রেনেজ নেই, বিদ্যুতের স্থায়ী লাইন নেই, গ্যাস সংযোগ নেই। এভাবে কীভাবে কারখানা চালাব?’

স্থানীয় ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘যদি প্রকল্পটি সঠিকভাবে চালু হতো, শতাধিক লোকের কর্মসংস্থান হতো। কিন্তু এখন দেখছি জায়গাটা আগাছায় ঢেকে আছে; রাস্তা নষ্ট, ড্রেন বন্ধ। এ অবস্থায় উদ্যোক্তারা এখানে আসবে কেন?’ 

তরুণ উদ্যোক্তা সোহাগ হোসেন বলেন, ‘আমি বিসিক শিল্পনগরীতে একটি প্লট নেওয়ার ব্যাপারে আগ্রহী। কিন্তু বাস্তবে এখানে যে পরিবেশ দেখছি, তাতে বিনিয়োগ করার সাহস পাচ্ছি না। শিল্প স্থাপনের মতো মৌলিক সুবিধা নেই। ড্রেনেজ, আলোর ব্যবস্থা, নিরাপত্তা- কিছুই ঠিকঠাক নেই। এ অবস্থায় কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসা চলবে কি না, তা নিয়ে বড় ধরনের শঙ্কায় আছি।’

ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, ‘আমরা নতুন উদ্যোক্তারা বিসিক থেকে প্লট নিয়ে নিজেদের ব্যবসা দাঁড় করাতে চাই। কিন্তু জায়গাটিতে গেলে মনে হয়, এখনই বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। অবকাঠামো উন্নয়ন পুরোপুরি হয়নি, চারপাশে নীরবতা আর ভাঙাচোরা রাস্তা। এসব দেখলে উদ্যোক্তা আগ্রহ হারিয়ে ফেলেন। তবুও সুযোগ পেলে প্লট নিতে চাই। তবে তার আগে একটি নিরাপদ ও উপযোগী শিল্প পরিবেশ জরুরি।’

চুয়াডাঙ্গা ব্যবসায়ী সমিতির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ বলেন, ‘সরকারি অর্থে প্রকল্প হয়েছে এটা সত্য কথা। তবে পরিকল্পনার ঘাটতি ছিল। সে জন্য অবকাঠামো তৈরি করা হলেও উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি হয়নি। যার কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহ পাননি। ফলে প্রকল্পটি মূলত থেমে আছে।’

এদিকে চুয়াডাঙ্গা বিসিকের উপব্যবস্থাপক এ বি এম আনিসুজ্জামান জানান, মোট প্লটের প্রায় ৪০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। অবশিষ্ট প্লট শিগগির বরাদ্দ দেওয়া হবে। বরাদ্দ পাওয়ার পরও যারা কাজ শুরু করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছে। তা না করলে বরাদ্দ বাতিল হবে। বিদ্যুৎ, পানি, রাস্তা, কালভার্টসহ মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ। ১৫ থেকে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে প্লট নিয়ে উদ্যোক্তারা কারখানা নির্মাণ করতে পারেন। ৫ শতাংশ সুদে সহজ কিস্তিতে বাকি টাকা পরিশোধের সুবিধাও দেওয়া হচ্ছে।

মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:১৬ পিএম
মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ,  গ্রেপ্তার ৮
যাত্রীবাহী বাস ও চোরাচালানকৃত মালামাল। ছবি: খবরের কাগজ

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ আট চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি বাসসহ প্রায় ২০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। পরে ট্রাক তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেটসহ ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালান মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে, গতকাল রবিবার সকাল ৮টার দিকে শেরপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।

পুলক পুরকায়স্থ/আজহার/

সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:৫৯ এএম
সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত নারীর মরদেহ। ছবি: খবরের কগজ

সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের অংশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে কামারখন্দ থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা মহাসড়কের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি ছিল।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিরাজুল ইসলাম/আজহার/

রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:০৮ এএম
রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক
ছবি: খবরের কাগজ

কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনবেশে মাদকের চালান লেনদেনের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী খবরের কাগজকে জানান, টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি ইয়াবার চালান কক্সবাজার শহরের উদ্দেশে অটোরিকশায় করে নেওয়া হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। এরপর নজরদারি জোরদার করা হয়। রাত ৯টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্দেহজনক একটি অটোরিকশা শনাক্ত করে দুইজনকে আটক করে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

তারেকুর রহমান/থিওটোনিয়াস

মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:৪২ এএম
মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন
ছবি: ইসমাইল

খুলনার সোনাডাঙ্গায় ইসমাইল নামে এক মাদরাসা শিক্ষার্থীর ওপর হেফজখানার শিক্ষকের অমানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মারধরের কারণে তার দুই চোখের নিচে রক্ত জমাট বেঁধে গেছে। এ ছাড়া নির্যাতনের সময় তার গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে। ঘটনার পর থেকে নুরুল কুরআন তাহজিদ একাডেমি নামে মাদরাসাটি বন্ধ করে শিক্ষকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। 

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, নির্যাতনের পর শিশুটিকে তিন দিন পর্যন্ত মাদ্রাসায় আটকে রাখা হয়। এ সময় তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

জানা গেছে, নির্যাতনের শিকার ইসমাইলের বাবা মো. ফারুক স্থানীয়দের সঙ্গে নিয়ে গত ২০ জুন রাতে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বয়রা ডাক্তারপাড়া এলাকায় নুরুল কুরআন তাহজিদ একাডেমিতে এ ঘটনা ঘটে। পড়াশোনার জন্য ইসমাইল রাতে ওই মাদরাসায় অবস্থান করত।

শিশুটির বাবা মো. ফারুক জানান, গত দুই দিন মাদরাসায় রাতে খাবার দিতে গেলেও ছেলের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। এ সময় ইসমাইলের গায়ে জ্বর ও চিকিৎসা করা হচ্ছে বলে জানানো হয়। পরে ২০ জুন রাতে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে মাদরাসায় ঢুকে তার সন্তানকে উদ্ধার করেন। এ সময় তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পান। তবে ভয়ে তিনি এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। স্থানীয় কিছু মানুষ ও প্রশাসনের মাধ্যমে বিষয়টি মিটমাট করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ঘটনার খবর শুনে রবিবার (২১ জুন) নুরুল কুরআন তাহজিদ একাডেমিতে গেলে সেটি তালাবদ্ধ দেখা যায়। মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৬ এএম
সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন
সেলিমা আহমাদ মেরী। ছবি: সংগৃহীত

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন সেলিমা আহমাদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সেলিমা আহমাদ দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও তিনি সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন সেলিমা আহমাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ব্যবস্থাপনা এবং নেতৃত্ব উন্নয়ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে হোমনা ও তিতাস উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এবং নারী আত্মকর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এফবিসিসিআই সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তার মরদেহ দেশে আনার পর জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

অন্তরা/