চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডে আয়েশা সিদ্দীকা (১৯) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী। আয়েশা তার ঘর থেকে উদ্ধার করা একটি চিরকুটে পারিবারিক জীবনে হতাশার কথা লিখে গেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ তাঁর নিজ কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, আয়েশার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে।
উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে আয়েশা সিদ্দীকার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। লিয়াকত তিন মাস আগে প্রবাসে যান।
ফটিকছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা এবং গলায় রশির দাগ- এগুলো আত্মহত্যার প্রাথমিক লক্ষণ।
নিহতের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করলেও, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
নাজমুল/মেহেদী/