পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৪টার দিকে সাগরসহ আরও দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে ঢোকে। বাড়ির মালিকের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা চারপাশ থেকে ঘেরাও করে সাগরকে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের শরীরে অর্ধশতাধিক আঘাতের চিহ্নসহ মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে পাবনা সদর ও সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছিল। সোমবার রাতেও পার্শ্ববর্তী চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া থেকে দুটি গরু চুরি হয়েছে। চুরির আতঙ্কে কৃষক ও খামারিরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।
প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল, যার বহিঃপ্রকাশ হিসেবে আজকের এই গণপিটুনির ঘটনা ঘটেছে।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাদিক আহমদ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে গরু চুরি করতে এসে গণপিটুনিতে ওই যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম/নাঈম