ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে প্রান্ত ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন এবং নয়ন নামে আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার উপজেলার সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত উপজেলার বাহাদুরপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত মোটরসাইকেল আরোহী নয়ন একই গ্রামের নফর মণ্ডলের ছেলে। নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় হরিণাকুণ্ডু থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি জোড়াদহ বাজারের দিকে যাচ্ছিল। সংঘর্ষে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক প্রান্তকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পরে সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রান্ত নামে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ইজিবাইকটি শনাক্তের চেষ্টা করছে।
মাহফুজুর রহমান/নাঈম