ময়মনসিংহের মুক্তাগাছায় গরীব-দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজের কক্ষে ও মাঠে ২৫০ জন গরীব ও দুস্থ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদান করেন সেনাবাহিনী। পরে পার্শ্ববর্তী সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, চশমা এবং শীতবস্ত্র উপহার পেয়ে গরীব-দুস্থ রোগী ও অসহায় শীতার্তরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলার নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা সামেনা খাতুন (৬৫) বলেন, ‘চোখে ছানি পড়ায় ঠিকমতো দেখতে পারেন না। দারিদ্র্যের কারণে তিনবেলা ঠিকমতো ভাত জোগাড় করাও সম্ভব হচ্ছে না। সেনাবাহিনী বিনামূল্যে চোখের চিকিৎসা দিচ্ছে, এজন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।’
মো. ইদ্রিস আলী (৭০) একই উপজেলার নন্দীবাড়ি গ্রামের বাসিন্দা বলেন, ‘চোখে সবকিছু ঝাপসা দেখা যায়। চিকিৎসা করানোর মতো অবস্থা আমাদের নেই। সেনাবাহিনী দরিদ্র, দুস্থ ও অসহায় রোগীদের জন্য এই উদ্যোগ নিয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।’
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।
তিনি জানান, প্রতি বছরের মতো এ বছরও দরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশনের মাধ্যমে এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।
এ সময় ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মালিক সামস উদ্দীন মুহাম্মদ মঈনসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান/রিফাত/