মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১০ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলাটি করেন।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার দিঘুলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সি আব্দুল হামিদ মোল্লা। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুটির পরিবারের পাড়াপ্রতিবেশী হিসেবে বসবাস করে আসছেন। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী শিশুর দাদি অভিযোগ করে জানান, পানি খেতে চাইলে তার নাতনি গ্লাসে করে অভিযুক্তের বাড়িতে পানি দিতে যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটির হাত ধরে টেনে নিয়ে দরজা আটকিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আসাদ জামান/এসএন