ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচনি প্রচারণার সময় ব্যতিক্রমী ও প্রতীকী উপহার দিয়েছেন ভোটাররা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় এক নারী ভোটার তার নিজের হাঁসের ডিম উপহার দেন। একই সময় আরেক নারী ভোটার দীর্ঘদিন ধরে টাকা জমানো একটি মাটির ব্যাংক তার হাতে তুলে দেন। এ সময় কয়েকজন সমর্থক তাকে টাকার মালা পরিয়ে দেন। ঘটনাগুলো উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
ডিম উপহার দেওয়া সুচরীতা বলেন, “এই ডিমগুলো আমার নিজের হাঁসের। স্যার যেন ভালো থাকেন, সুস্থ থাকেন- এই দোয়া আর ভালোবাসা থেকেই ডিমগুলো উপহার দিয়েছি।”
অন্যদিকে মাটির ব্যাংক উপহার দেওয়া গীতা রানী বলেন, “আমি অনেকদিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছি। আজ স্যারের হাতে ব্যাংকটা তুলে দিয়ে খুব ভালো লাগছে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই।”
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে সুচরীতা সামনে এগিয়ে এসে ডিমের একটি ব্যাগ তুলে দেন। কিছু সময় পর গীতা রানী তার মাটির ব্যাংকটি উপহার দেন। একই সময় কয়েকজন সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টাকার মালা পরিয়ে দেন। এ সময় আশপাশে থাকা মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভোটারদের এমন প্রতীকী ও ব্যতিক্রমী যোগাযোগ নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও ভোটারদের পক্ষ থেকে এ ধরনের অনন্য উপহার ও প্রতিক্রিয়া দেখা গেছে।
তারা মনে করেন, এসব ঘটনা নির্বাচনি প্রচারণার পরিবেশকে আরও মানবিক ও প্রাণবন্ত করে তোলে এবং প্রার্থী ও ভোটারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন ঘটায়।
নবীন/মাহফুজ