চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাতকানিয়া উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্রে পুরুষ ভোটারদের ছাড়িয়ে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন।
বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাড়ে ৩ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ওই কেন্দ্রে সবচেয়ে বেশি নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে।
সেখানে কথা হয় রুবি আকতার নামের এক নারী ভোটারের সঙ্গে। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে ধাওয়া খেয়েছি। ওই সময় পড়ে গিয়ে আমি পায়ে আঘাত পেয়েছিলাম। কিন্তু এবার অনেক আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক দেখছি। আশা করি কোন ধরনের সমস্যা হবে না।
বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এক কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার বলেন, সকাল সাড়ে ৭টা থেকে আমরা ভোটগ্রহণ শুরু করেছি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন এই ভোটগ্রহণ চলবে।
চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ৫টি লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট প্রদান করছেন। তারমধ্যে ৩টি লাইন নারীদের বাকী ২টি লাইন পুরুষ ভোটারদের।
ওই কেন্দ্রের প্রিসাংডিং অফিসার আনোয়ার হোসাইন বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৫২৬ জন। সর্বমোট বুথ রয়েছে ৯টি। তারমধ্যে ৫টি মহিলা বুথ এবং ৪টি পুরুষ বুথ রয়েছে।
আরিফুল ইসলাম/নাঈম