কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আটক হওয়া ৭৩ জন জেলেকে ফেরত দেবে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মায়ানমারের ট্রানজিট জেটিঘাটে গিয়ে জেলেদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন কক্সবাজার রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, সাগরে মাছ ধরার সময় মায়ানমারের জলসীমায় প্রবেশ করলে বিভিন্ন সময় জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে নানা প্রক্রিয়া শেষে ৭৩ জন জেলেকে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সময় শতাধিক রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। বিশেষ করে তারা মায়ানমারের মংডু শহর দখলের পর থেকে সাগরে তৎপরতা বাড়িয়ে জেলেদের আটক করে নিয়ে যায়।
এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১২৪ জন জেলেকে আটক করা হয়। পরে টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির প্রচেষ্টায় বিভিন্ন সময়ে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের শেষ এবং ২০২৩ সালের শুরুতে মায়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ বন্ধ থাকলেও ২০২৩ সালের নভেম্বর থেকে পুনরায় সংঘর্ষ শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৮ ডিসেম্বর আরাকান আর্মি দাবি করে, তারা বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্য এর প্রায় ২৭১ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
শাহীন/অমিয়/