কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে পাঁচজন জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নাইক্ষ্যংদ্বীয়া নামক নাফনদী থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মিরা।
অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমীর আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির মালিকানাধীন নৌকায় মাছ শিকার করছিলেন।
প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান জানান, গতকাল রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। এ সময় হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। পরে দেখা যায় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে মায়ানমারের দিকে নিয়ে যায়। পরে আমাদের নৌকাসহ অন্য নৌকা গুলো দ্রুত নিরাপদে ফিরে আসি।
তিনি আরও বলেন, মাছ শিকার শেষে ফেরার সময় মায়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসতে হয়। এ কারণে প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
শাহপরীর দ্বীপ ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর নৌকাটি মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
মো. শাহীন/নাঈম