গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে এক ব্যক্তিকে ছিনতাই করার চেষ্টা করেন তারা। পরে ভুক্তভোগী ব্যক্তির চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। এ সময় ছিনতাইকারীদের একজন পালিয়ে যায়। অপর দুইজনকে মারধর করে উপস্থিত লোকজন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম।
তিনি মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রফিক খন্দকার/সুমন/