কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্ত্রীর দাবি নিয়ে জাহাঙ্গীর আলম নামে এক সেনাসদস্যের বাড়িতে আসা তরুণীকে মারধর ও অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে উঠেছে।
এ ঘটনায় থানায় মামলা হলে এজাহারনামীয় আসামি ওই সেনাসদস্যের বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহারে জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ) ভূরুঙ্গামারী থানায় একটি মামলা করেন আসমা আক্তার নামে এক তরুণী। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার দক্ষিণ ফতেপুর এলাকায়। মামলায় আসমা আক্তার উল্লেখ করেন, ওই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের তালতলা গ্রামের শাহা আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে পরিচয় এবং প্রেম হয়। জাহাঙ্গীর সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন এবং বরিশাল কর্মরত আছেন। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর পরিবারের সম্মতিতে ইসলামী শরিয়া মোতাবেক তারা বিয়ে করেন।
পরবর্তীতে বিয়ে রেজিস্ট্রেশন করার কথা থাকলেও জাহাঙ্গীর টালবাহানা করতে করতে যোগাযোগ বন্ধ করলে গত ২৩ ফেব্রুয়ারি সকালে পাইকেরছড়া গ্রামে জাহাঙ্গীরের বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে মারধর করে।
তার গলার স্বর্ণের চেইন জোর করে নেওয়া হয়। এতে আসমা জখম ও অসুস্থ হয়ে পড়ে। এ সময় চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে মামলার ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ জাহাঙ্গীরের বাবা শাহা আলী ও মা জাহানারা বেগমকে গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজ/সুমন/