কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে মোছা. ঝর্ণা বেগম (৩৫) নামে এক নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৭ মার্চ) দুপুর দুইটার দিকে ৩৫ বিজিবির অধীন রৌমারীর বাংলাবাজার সীমান্ত এলাকায় ভারতের শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিদের সঙ্গে রৌমারীর সীমান্তের মেইন পিলার ১০৬৫ এর নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই নারীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ঝর্ণা বেগম বরিশাল জেলার মুলাদী উপজেলার আবুপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বজলু সরদার ও মায়ের নাম মাকসুদা বেগম।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১ মার্চ (রবিবার) কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ঝর্ণা। তিনি ময়মনসিংহ সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়াই ভারতের আমরাবাদ এলাকায় একটি সোয়েটার কারখানায় কাজ করতে যাওয়ার পথে বোঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় রেলওয়ে পুলিশ (আরপিএফ) তাকে আটক করে।
পরে ভারতীয় পুলিশ তাকে শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফের আহ্বানে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।
রৌমারী বিজিবি বাংলাবাজার ক্যাম্পের নায়েক সুবেদার নিজাম উদ্দিন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হস্তান্তরকরা ওই নারীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।
গোলাম মওলা/নাঈম/