পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রামের অসহায় ৪২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সেমাই, দুধ, চিনি, মসুর ডাল, তেল, চিনিগুড়া চাল, আলু, পেঁয়াজ, নারকেল ও কিশমিশ।
ঈদসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হন উত্তর লক্ষ্মীপুর গ্রামের বৃদ্ধা সখিনা বেগম। তিনি বলেন, 'গ্রামে-গঞ্জে আমাগো লাইগা কেউ ঈদের উপহার দেয় না। একটা ঈদে চলবার লাইগা যতডি জিনিস দরকার, তারা সবডি দিসে। পোলাও খাইতে পারমু, সেমাইও খাইতে পারমু'।
হাবিবউল্লাহ নামে আরেকজন বলেন, 'ঈদের লাইগা বাড়িতে তেমন কিছু কিনতাম পারছি না। চিন্তায় আসিলাম কেমনে বাজার করুম। আল্লাহ তাগোরে দিয়া পাঠাইসে। অসহায়ের লাইগা আল্লাহই আছে। যারা দিসে আল্লাহ তাগোরেও ভালো রাখুক'।
খাদ্যসামগ্রী বিতরণের সময় আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মানজুরুল ওয়াসে শিতাব, হেড অব প্রজেক্টস ওমর ফারুক, সদস্য সুমাইয়া জাহান ও ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মানজুরুল ওয়াসে শিতাব বলেন, আমরা চেষ্টা করছি গ্রামের অসহায় মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে। তার জন্যই আমাদের এ প্রচেষ্টা। এই উপহার পেয়ে মানুষের মুখে হাসি ফুটেছে। এটিই আমাদের সার্থকতা।
আজিজুল সঞ্চয়/সুমন/