রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর পৌর এলাকার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন চারঘাট উপজেলার ইমাম শাজিরুল ইসলাম সাগর।
এবারের জামাতে মোট ২১ জন মুসল্লি অংশ নেন। এর মধ্যে ২০ জন পুরুষ এবং একজন নারী।
নামাজ শেষে মুসল্লিরা জানান, চাঁদ কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়; বরং এটি সারা বিশ্বের জন্য উদিত হয়। ভৌগোলিক কারণে সব জায়গা থেকে একসঙ্গে চাঁদ দেখা না গেলেও, তাদের বিশ্বাস- বিশ্বব্যাপী একইদিনে হিজরি মাস গণনা করা উচিত। সেই বিশ্বাস থেকেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
জামাতে অংশ নেওয়া এক মুসল্লি বলেন, ‘আগে আমি দেশের প্রচলিত নিয়মেই ঈদ পালন করতাম। তবে এবার এই জামাতে অংশ নিয়ে অভিজ্ঞতা ভালো হয়েছে। ধর্মীয় বিধান ও চাঁদের হিসাব সম্পর্কে জানার পরই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
সংশ্লিষ্টরা জানান, তারা প্রায় এক দশক ধরে এভাবে ঈদ উদযাপন করে আসছেন। শুরুতে মুসল্লি সংখ্যা কম থাকায় নিজ নিজ বাড়িতে নামাজ আদায় করা হতো। বর্তমানে অংশগ্রহণকারী বেড়ে যাওয়ায় স্থানীয় মসজিদেই জামাতের আয়োজন করা হচ্ছে।
তাদের মতে, সৌদি আরবকে কেন্দ্র ধরে এবং বিশ্বব্যাপী চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেই তারা এই ঈদ উদযাপন করেন।
এনায়েত করিম/অমিয়/