বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বালু ঘাট নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদলের অনুসারী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরের ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন চরআলগী ঘাট বালু মহাল এলাকায় এ ঘটনা ঘটে।
গফরগাঁও উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, গতকাল বুধবার উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন তার দলবল নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যান। এ সময় স্থানীয়রা বাধা দিলে তিনি দলবল নিয়ে ফিরে যান।
আজ বৃহস্পতিবার মুক্তার হোসেন বিশাল মোটরসাইকেল বহর নিয়ে আবারও ঘাট দখল করতে আসেন। এ সময় তিনি এক নৌকার মাঝিকে পিটিয়ে আহত করেন এবং নৌকায় আগুন দেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এমতাবস্থায় পালিয়ে যাওয়ার সময় ১১টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ঘটনায় মাঝি ছাড়া অন্য কেউ আহত হয়নি।
জেলা যুবদল নেতা আবদুল আজিজ সাদেক জানান, বালু ঘাট নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কার সঙ্গে এ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে তা তিনি স্বীকার করেননি।
বক্তব্য জানতে গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, চরআলগী এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন বলেন, সরকারি কলেজ বালু ঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কামরুজ্জামান/মাহফুজ