সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এই নীতি কার্যকর করার আগে আজ থেকে বৈধ কাগজপত্রধারীদের দেওয়া হচ্ছে ফুয়েল কার্ড।
আজ কার্ড দেওয়ার পরে আগামীকাল বুধবার (১ এপ্রিল) থেকে নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন নীতি কার্যকর করা হবে।
আজ সকাল নয়টা থেকে জেলা সদর ও পৌরসভার পেট্রোল-অকটেন ব্যাবহারকারীদের জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত দুটি বুথে যানবাহনের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখে ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে। উপজেলাগুলোতেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে একই নিয়মে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুত, পরিবহন ও বিপণন এবং ব্যবহার বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পেট্রল পাম্প মালিক, রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, পেট্রোল ও অকটেনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে মোটরসাইকেল মালিক-চালকদের জন্য ফুয়েল কার্ড চালু করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নিবন্ধনের এক সেট ফটোকপি ও একটি পাসপোর্ট আকারের ছবি জমা দিলে তারা বিনামূল্যে একটি ফুয়েল কার্ড পাবেন।
ফুয়েল কার্ড প্রদানকে জ্বালানি ব্যবহারকারীরা ইতিবাচক হিসেবে দেখলেও দীর্ঘ সময়ের অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, যেহেতু একটি বৈশ্বিক সংকট চলছে। দেশে পর্যাপ্ত তেল মজুত আছে, আশা করি সংকট হবে না। অকটেন ও পেট্রল যাতে গ্রাহকদের মধ্যে নিয়মিতভাবে বিতরণ রাখা যায় এ জন্য ফুয়েল কার্ড চালু করেছি। উপজেলা পর্যায়ে এ কার্যক্রম চালু হয়েছে।
সিরাজুল ইসলাম/নাঈম