একসময় পোষা প্রাণী বলতে ছিল কেবলই পাখি। এ ছাড়া অনেকে শখের বশে হাঁস-মুরগি পালন করতেন। এই তালিকায় ছিল বাড়ির আশপাশে থাকা কুকুর, বিড়ালও। এখন অনেকেই দেশি প্রাণীর পাশাপাশি বিদেশি কুকুর, বিড়াল পালন করেন। তবে পোষা প্রাণী যখন অসুস্থ হয়, তখন কষ্টের শেষ থাকে না। কারণ প্রাণীদের চিকিৎসাসেবা দেওয়ার মতো হাসপাতাল খুব সহজলভ্য না।
এবার সিলেটবাসীর জন্য সুখবর নিয়ে এসেছেন প্রাণীপ্রেমী ও সাইকোলজিস্ট জাহানারা ইসলাম তিথি। পোষা প্রাণীর চিকিৎসাসেবায় তিনি চালু করেছেন ক্লিনিক। সিলেট নগরীর মানিকপীর রোড এলাকায় ‘প হেলথ কেয়ার’ নামে ক্লিনিকটি গতকাল উদ্বোধন করা হয়েছে। পোষা প্রাণীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ক্লিনিকে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শফিকুল ইসলাম। নির্ধারিত নম্বরে কল দিয়ে অ্যাপয়েনমেন্ট নিয়ে ডাক্তার দেখানো যাবে।
জাহানারা ইসলাম তিথি জানান, কুকুর, বিড়ালসহ সব পোষা প্রাণীর সার্জারি, হেলথ চেকআপ, সব ধরনের ভ্যাকসিনসহ বিভিন্ন চিকিৎসাসেবা এখানে দেওয়া হবে।
উদ্বোধনের দিন ক্লিনিকে আসেন প্রাণীপ্রেমী রুকসানা আক্তার।
তিনি বলেন, ‘আমার তিনটি বিড়াল আছে। কিন্তু সুনামগঞ্জে থাকার সময় আমার অনেক বিড়াল মারা গেছে শুধু সঠিক চিকিৎসা না পেয়ে। তাই পোষা প্রাণীদের জন্য ক্লিনিক অনেক প্রয়োজন। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, বিড়াল বা কুকুরের সঠিক চিকিৎসা হাসপাতাল দিতে পারে না। তাই এ ধরনের ক্লিনিক খুব প্রয়োজন।’
ক্লিনিকটি উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইম্যুনোলজি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মাহবুব-ই-এলাহী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্যসচিব আবদুল করিম কিম ও সাংস্কৃতিক কর্মী অরূপ শ্যাম বাপ্পী।