গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন ।
সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন ফলসি গ্রামের ইসমাইল ফকিরের ছেলে মাসুদ ফকির (৬০), তার ছেলে আমিন ফকির (৩০), মাসুদ ফকিরের স্ত্রী নজু বেগম (৫০) ও রহমান ফকিরের স্ত্রী কামিনী বেগম (৩৫)। তাদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই রহমান ফকিরের পক্ষের লোক। বিপরীতে ওসমান ফকিরের পক্ষের আহত অন্তত ৩ জন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম জানান, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিন সকালে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্র কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক।
বাদল সাহা/অন্তরা