চট্টগ্রামের আনোয়ারায় দীর্ঘ ১৫ বছর পর শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার বরুমচড়া শহিদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এ সমাবেশের কার্যক্রম শুরু হয়। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এ আয়োজন। সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক স্কাউট সদস্য অংশগ্রহণ করছে।
আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে কুচকাওয়াজ, ক্যাম্পিং, তাঁবু স্থাপন, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, উদ্ধার কার্যক্রম, বিভিন্ন দক্ষতা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ স্কাউটস আনোয়ারা উপজেলার কমিশনার মোহাম্মদ ওসমান গণীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জাফর-আয়েশা ফাউন্ডেশনের পরিচালক আরিফ সিকদার, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন এবং চট্টগ্রাম জেলা স্কাউটসের সম্পাদক মো. সেলিম উদ্দিন (এএলটি)।
এ ছাড়া উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এস এম হাবিব উল্লাহ হিরু, আঞ্চলিক উপকমিশনার ইমরান হাসান রাসেল, লোহাগাড়া উপজেলা সম্পাদক মোবারক আলী, উপজেলা স্কাউট লিডার যুবরাজ চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. মনজুরুল কবির।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে তরুণদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, সবশেষ ২০১১ সালে পঞ্চম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
আতিকুল হা-মীম/নাঈম