সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে কাঁথায় মোড়ানো এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত ১১টার দিকে উপজেলার রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া পিচের মুখ এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে চিকিৎসা দিয়ে সমাজসেবা অফিসের নিয়ন্ত্রণাধীন ছোটমণি নিবাসে পাঠানো হয়। উদ্ধার শিশুর নাম রাখা হয়েছে ফাতেমা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সিএনজিচালিত অটোরিকশাচালক মুক্তার মিয়া লামাকাজি থেকে ফেরার পথে হঠাৎ তার গাড়ি বিকল হয়ে যায়। এ সময় সড়কের পাশ থেকে নবজাতকের কান্নার শব্দ ভেসে আসে। তখন তিনি সড়কের পাশে কাঁথায় মোড়ানো অবস্থায় এক কন্যাশিশুকে দেখতে পান। এরপর তিনি বিষয়টি বিশ্বনাথ থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘বর্তমানে শিশুটি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। এটি একটি অমানবিক ঘটনা। সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া মেনে শিশুটিকে সিলেটের ছোটমণি নিবাসে হস্তান্তর করা হয়েছে।’
এ ব্যাপারে বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি বলেন, রবিবার রাতে উদ্ধার হওয়া নবজাতকটিকে সোমবার (গতকাল) দুপুরে ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। এরই মধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। সবাই মিলে শিশুটির নাম ফাতেমা রেখেছি। দত্তক পাওয়ার বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে।