সিসিকে চাকরি পেতে আর্থিক লেনদেন সতর্কতায় সিসিক প্রশাসকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জনসংযোগ দপ্তর।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট সিটি করপোশনের (সিসিক) বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে কিছু অসাধু চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নজরে এসেছে।
১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের এক সপ্তাহের মাথায় গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে তিনি মেয়র পদমর্যাদায় সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব পালনকালের দুই মাসের মাথায় একটি চক্র সক্রিয় হয়েছে। চক্রটি সিসিকে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে আর্থিক লেনদেনও করছে বলে খোদ সিসিক জনসংযোগ দপ্তর জানিয়েছে।
প্রশাসক জানান, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই। ফলে নিয়োগের নামে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। একটি প্রতারক চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে সিসিক প্রশাসক বলেছেন, ‘সিটি করপোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের প্রলোভনে কেউ যেন পা না দেন’।
নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন। প্রতারণার শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।
সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানোর বিষয়টি উল্লেখ করে প্রশাসকের বরাতে আরও বলা হয়, নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র সিটি করপোরেশনের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
নাঈম/