নোয়াখালীর সদরের মাইজদী সুপার মার্কেটের একটি খাবারের দোকানে নিষিদ্ধ কেওড়া জলে ব্যবহার প্রমাণিত হওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মেসার্স আলিফ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
এসময় হোটেলটিতে খাবারে অনুমোদনহীন কেওড়া জলের ব্যবহার, নিম্নমানের লবণ ব্যবহার, ফ্রিজে একইসঙ্গে রান্না ও কাঁচা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ মেলে।
বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।
তিনি খবরের কাগজকে বলেন, খাবারে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় শহরের মেসার্স আলিফ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এছাড়া নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম বিক্রির অভিযোগে মাইজদী বড় মসজিদ মার্কেট এলাকার মেসার্স জেসমিন কসমেটিকসকে দুই হাজার টাকা এবং অনুমোদনহীন নিষিদ্ধ পণ্য লুকিয়ে রাখায় মেসার্স কুইন কসমেটিকসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ অবৈধ কসমেটিকস ধ্বংস করা হয়।
অভিযানে ভোক্তা অধিকারের নির্দশিত পালনীয় বিষয়াদি লিখিতভাবে প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয় এবং এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চূড়ান্তভাবে সতর্ক করা হয়। এসময় শহরে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
ইকবাল হোসেন মজনু/এসএন