গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুমোদন না নিয়ে খাদ্য দ্রব্য উৎপাদন করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৪ মে) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথ উদ্যোগে এ অভিযান চালায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সৈয়দা তামান্না তাসরিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটগাতী কাঁচাবাজারের সামনে অবস্থিত আইস মিল-এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির মালিক আওলাদ হোসেন মোল্লা বরফ উৎপাদনের লাইসেন্স থাকলেও অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন করছিলেন। এছাড়া বিএসটিআই-এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নিষিদ্ধ রং ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় জরিমানা করা হয়। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে, একই অভিযানে পাশের একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দোকানের মালিক ওয়াসিকুর রহমানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা। তিনি আরও বলেন, বাংলাদেশে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী পণ্য বা সেবার সঠিক গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ অভিযানকালে ক্যাব গোপালগঞ্জের পরিচালক মোহাম্মদ মোজাহারুল হক, টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদল সাহা/আমান