ঢাকার ধামরাইয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বাড়িগাও খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে ) বেলা ১১টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বাসাইল বিলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই কর্মসূচিতে কর্মক্ষম দরিদ্র মানুষদের কম মজুরিতে দৈনিক কাজের বিনিময়ে অর্থ প্রদান করা হয়।
আলহাজ তমিজ উদ্দিন বলেন, কৃষকদের ভাগ্য উন্নয়নে ও কৃষির উন্নয়নে জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির চালু করেন। এর সুফলও সেই সময় কৃষকরা পেয়েছেন। এর ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কথা চিন্তা করে খাল খনন ও পুনর্খনন শুরু করেন। এর সুফলও সারাদেশের ন্যায় ধামরাইয়ের কৃষকরা পাবেন।
তিনি আরও বলেন, কোনো ফসলি জমির মাটি কাটা যাবে না। আমরা ইটভাটার বিপক্ষে নই। তবে পরিকল্পনামাফিক করতে হবে। আমার দলের লোক কেউ বিএনপির নাম ভাঙিয়ে এসব কাজ করতে পারবে না।
জানা যায়, বাস্তবায়িত বাসাইল বিল হতে ৩ কিলোমিটার খাল খনন কর্মসূচির ব্যয় প্রায় ৫৫ লাখ ৬০ হাজার টাকা। ৪০ দিনের এই কর্মসূচিতে ২৬০ জন শ্রমিক কাজ করবেন এবং প্রতিদিন মজুরি পাবেন ৫০০ টাকা।
কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী এ কে এম মোহিতুল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক জহুরা খাতুন।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ উপস্থিত ছিলেন বিএনপির নেতা-কর্মীরা।
রুহুল আমিন/আমান