লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ মো. লিখন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৩মে) রাত ২টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্ত লিখন কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার বাসিন্দা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।
গ্রেপ্তারকৃত লিখনের শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা এসব বৈদেশিক মুদ্রার বিষয়ে যথাযথ কোনো নথি দেখাতে পারেনি অভিযুক্ত। স্থানীয়দের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ মুদ্রা জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী মামলার প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মাহফুজুর/ আমান