ফরিদপুর থেকে পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলো, জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) ও একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিনে পদ্মাসেতু ভ্রমণের উদ্দেশ্যে ফরিদপুরের মধুখালী থেকে মোটরসাইকেলে রওনা দেন রাজন শেখ ও ইব্রাহিম ফকির। পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারাণখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাজন শেখ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ইব্রাহিম ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকারটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে রাতে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনকেবি নয়ন/অমিয়/