ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা চট্টগ্রামবাসীকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ৫ ইসলামি ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ

বরিশালে ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থান

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:০৮ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৯:২৯ এএম
বরিশালে ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থান
বরিশাল নগরীর সড়কে বাড়ছে অনিবন্ধিত ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা। যানবাহনটির বিশৃঙ্খল চলাচলে সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। ছবি: খবরের কাগজ

নগরীর তীব্র যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আগামী ১ জুলাই থেকে অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন ইজিবাইক এবং অটোরিকশার বিরুদ্ধে চিরুনি অভিযানে নামছে সংস্থাটি। এর আগে পূর্বে অনুমোদন পাওয়া ৭ হাজার ৬১০টি ইজিবাইকের লাইসেন্স নবায়নের জন্য ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে বিপুলসংখ্যক চালকের জীবিকার কথা বিবেচনা করে অভিযান শুরুর আগেই সব যানবাহন নিবন্ধনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

বিসিসি সূত্রে জানা গেছে, করপোরেশনের গত তিন মেয়াদে অনুমোদন পাওয়া ৭ হাজার ৬১০টি ইজিবাইকের অনুমোদন বহাল থাকবে। বর্তমানে এসব যানবাহনের নিবন্ধন নবায়নের কার্যক্রম চলছে।

বিসিসির যানবাহন লাইসেন্স শাখা ও ট্রাফিক বিভাগ সূত্র জানায়, করোনা ভাইরাস মহামারির পর নগরীতে অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ট্রাফিক বিভাগের হিসাবে বর্তমানে প্রায় ৩০ হাজার নিবন্ধিত, অনিবন্ধিত ও অনুমোদনহীন এসব যানবাহন নগরীর বিভিন্ন সড়কে চলাচল করছে। ফলে নগরীর প্রধান সড়কগুলোতে যানজটও বেড়েছে।

নগরীর সদর রোড, বটতলা, নতুন বাজার, রূপাতলী ও নথুল্লাবাদসহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। নগরবাসীর অভিযোগ, জরুরি প্রয়োজনে বের হলেও দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে। তাদের মতে, পরিবহন ব্যবস্থাপনায় সমন্বয় ও ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।

বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী বলেন, ‘শুধু পূর্বে দেওয়া লাইসেন্স নবায়ন করে সমস্যার কার্যকর সমাধান হবে বলে আমি মনে করি না। কারণ এর সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িত। যত দূর জানা গেছে, আগে প্রায় সাড়ে সাত হাজার অটোরিকশা ও ইজিবাইককে লাইসেন্স বা টোকেন দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে নগরীতে প্রায় ৩০ হাজার এ ধরনের যানবাহন চলাচল করছে।’

তিনি বলেন, ‘লাইসেন্স নবায়ন প্রক্রিয়া শেষ হলেও প্রায় ২২ থেকে ২৩ হাজার যানবাহন অবৈধ হিসেবে থেকে যাবে। এসব যানবাহনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের জীবিকা জড়িত। জীবিকার তাগিদে অনেকেই আইন অমান্য করে রাস্তায় নামবেন। এতে ট্রাফিক পুলিশ ও চালকদের মধ্যে প্রতিনিয়ত বিরোধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’

শুভংকর চক্রবর্তী আরও বলেন, ‘যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনা অবশ্যই প্রয়োজন। তবে বিষয়টি শুধু আইন প্রয়োগের দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। বিপুলসংখ্যক মানুষের জীবিকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশন ও ট্রাফিক কর্তৃপক্ষকে সমন্বিত ও বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।’

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার নেতা ও শ্রমিক আন্দোলনের সংগঠক ডা. মনীষা চক্রবর্তী জানান, সিটি করপোরেশনের এই উদ্যোগকে তিনি টেকসই সমাধান হিসেবে দেখছেন না। তার দাবি, সিটি করপোরেশনের দেওয়া টোকেন বা অনুমোদনের ক্ষেত্রে অতীতে স্বজনপ্রীতি ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছিল। বিআরটিএ স্বীকৃত লাইসেন্স ছাড়া এসব যানবাহনের নিরাপত্তা ও বৈধতা নিশ্চিত হবে না।

মনীষা চক্রবর্তী বলেন, দীর্ঘদিন চেষ্টা করেও অনেক চালক অনুমোদন পাননি। ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তারা অটোরিকশা নিয়ে সড়কে নামছেন। স্বচ্ছ প্রক্রিয়ায় নগরীতে চলাচলকারী সব অটোরিকশা ও ইজিবাইককে নিবন্ধনের আওতায় আনার সুযোগ তৈরি করা হলে চালকরা নিয়ম মেনেই যানবাহন পরিচালনা করতে আগ্রহী হবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন বলেন, সিটি করপোরেশন অটোরিকশাগুলোকে লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ট্রাফিক বিভাগের জন্য সহজ হবে। এতে নগরীর যানজটও কিছুটা কমবে, একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

বরিশাল বিভাগের বিআরটিএর পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, শুধু লাইসেন্সিং কার্যক্রম দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। মেট্রোপলিটন এলাকার সড়কগুলো প্রশস্ত না করা হলে যানবাহনের ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়া কঠিন হবে। তার মতে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে নগরীর যান চলাচল আরও বড় সংকটের মুখে পড়তে পারে।

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা
ছবি: খবরের কাগজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের বাংলা টিফিন ও বঙ্গভোজ নামের দুটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

রবিবার (২১ জুন) রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাগুলো করা হয়। এর মধ্যে একটি মামলা করেছেন রেস্তোরাঁ দুটির মালিক মুর্শেদ শাকিল এবং অপরটি করেছেন আহত পুলিশ কনস্টেবল ফয়েজ উদ্দিন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুরে বাংলা টিফিন নামের ওই রেস্তোরাঁয় খাবার কিনতে যান রমজান। খাবার দিতে দেরি হওয়ায় হোটেলের এক কর্মচারী ও কর্তৃপক্ষের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর কিছু সময় পর রমজানের অনুসারীরা ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাংলা টিফিনের পাশাপাশি একই মালিকের আরেকটি রেস্তোরাঁয় (বঙ্গভোজ) হামলা ও ভাঙচুর চালান। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে অন্তত তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ফয়েজ উদ্দিন নামে এক পুলিশ সদস্য আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৩০–৪০ জনের একটি দল লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে রেস্তোরাঁটি ভাঙচুর করছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবারের পার্সেল সরবরাহে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে রমজান আলীর সঙ্গে কর্মচারীদের বাগ্বিতণ্ডা হয়। পরে তিনি সেখান থেকে চলে যান। কিছু সময় পর ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রেস্তোরাঁটিতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করেও বোমা নিক্ষেপ করা হয়। এতে কনস্টেবল ফয়েজ উদ্দিনসহ তিন পুলিশ সদস্য আহত হন। হামলায় রেস্তোরাঁর তিন কর্মচারীও আহত হন।

একই সঙ্গে হামলাকারীরা মণ্ডলের মোড় এলাকায় অবস্থিত একই মালিকানাধীন বঙ্গভোজ রেস্তোরাঁয়ও ভাঙচুর চালায়। হামলায় দুই প্রতিষ্ঠানের তিন কর্মচারী আহত হন। রেস্তোরাঁ দুটিতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।

রেস্তোরাঁ মালিক মুর্শেদ শাকিল অভিযোগ করে বলেন, ঘটনার পরদিন সকালে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার কর্মচারীদের হুমকি দিয়ে মামলা প্রত্যাহারের চাপ দেয়।
তিনি বলেন, নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ  থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মচারীদের জীবিকাও হুমকির মুখে পড়বে।

অভিযোগের বিষয়ে রমজান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে আরও কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এতে কনস্টেবল ফয়েজ উদ্দিন আহত হন। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। হামলা, ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনায়েত করিম/অন্তরা/

জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

জয়পুরহাটে তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন'-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় দিনব্যাপী 'জব ফেয়ার ' অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় শহরের সবুজনগরে অবস্থিত জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানায়, তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের সাথে সংযুক্ত করতে রেইজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জব ফেয়ার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। দিনব্যাপী এই মেলায় চাকরিপ্রত্যাশীদের ভিড় দেখা গেছে।

​জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, এসো নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক (কার্যক্রম) রফিকুল ইসলাম বাদশা, পরিচালক  মুর্তজা আক্তার বানু,  উপ পরিচালক খোরশেদ আলমসহ অনেকেই।

​সাগর/আমান

ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৩১ পিএম
ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন
ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের (বিএসআরআই) আয়োজনে প্রতিষ্ঠানের এএসএম কামাল উদ্দিন মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। 

উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি, উন্নত জাত, চাষাবাদ কৌশলকে মাঠ পর্যায়ে সম্প্রসারণ কার্যক্রমের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম গতিশীল করাই এ কর্মশালার অন্যতম লক্ষ্য বলে কর্মশালার শুরুতে জানানো হয়। 

বিএসআরআই-এর মহাপরিচালক (ডিজি) ড. কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএসফআইসি) যুগ্মসচিব এবং পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান।

কর্মশালার বিএসআরআই-এর পরিচিতি ও গবেষণা সাফল্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) ড. মো. আতাউর রহমান। 

বর্তমান প্রেক্ষাপটে মিল এলাকায় ইক্ষু চাষবিষয়ক প্রযুক্তি বিস্তারের সমস্যা,  সম্ভাবনা এবং প্রণীতব্য অগ্রাধিকারভিত্তিক গবেষণা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রতিনিধি ড. মো. ইউসুফ আলী। নন-মিল জোনে ইক্ষু ও অন্যান্য সুগারক্রপ চাষের প্রযুক্তি বিস্তারে বিরাজমান সমস্যাদি ও গবেষণা অগ্রাধিকার নিরূপণ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার পরিচালক (ক্রপস) ড. সালমা লাইজু। 

কর্মশালায় আগত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিএসআরআই-এর পরিচালক (প্রযুক্তি হস্তান্তর) ড. সেলিনা আখতার। 

এ অনুষ্ঠানে বিএসআরআই-এর বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সুগারমিল, এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা, মৌ চাষি ও কৃষকেরা উপস্থিত ছিলেন। যৌথভাবে কর্মশালা সঞ্চালনায় ছিলেন বিএসআরআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তা নুসরাত জাহান উপমা ও নাজনীন আক্তার মুন্না। 

কর্মশালার আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) কর্মশালার দ্বিতীয় দিনে বিএসআরআই-এর রোগতত্ত্ব, কীটতত্ত্ব, কৃষি প্রকৌশল, কৃষি অর্থনীতি, অন-ফার্ম এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের প্রযুক্তি উপস্থাপন ও আলোচনা করবেন বিভাগীয় প্রধানরা।

জাহাঙ্গীর হোসেন/অন্তরা/

মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের মধুখালীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার (২১জুন) গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের খাইরুল ইসলাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। 

ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে গেছে। লুট হওয়া মালপত্রের মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী খাইরুল ইসলাম মোল্লা (৫৪) বলেন, রবিবার (২১জুন) রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের দরজায় শব্দ শুনে আমি ও আমার স্ত্রী দরজার কাছে গেলে ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে আমার ছেলে মাহিকে হাত-পা বেঁধে ফেলে। পরে আমার স্ত্রীকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এক পর্যায়ে ডাকাতরা ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং নতুন কাপড়চোপড়সহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনা ঘটেছে এটা সঠিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

এনকেবি নয়ন/তামান্না রুপা/

ফরিদপুরে বাসচাপায় নিহত ১

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০২ পিএম
ফরিদপুরে বাসচাপায় নিহত ১
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসচাপায় মো. রিবুল হোসাইন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মো. রিবুল হোসাইন বাড়ি থেকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় খান পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত রিবুল হোসাইনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এনকেবি নয়ন/তামান্না রুপা/