বাংলাদেশে বাজেট ঘোষণার পর সিগারেটের দাম বাড়ায় ভারতীয় চোরাইপণ্যে ভারতীয় সিগারেট আসছে। বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক অভিযানে ভারতীয় সিগারেটসহ প্রায় অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে।
বুধবার (১৭ জুন) ১৯ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় লক্ষীবাজার বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শেওলা জিরো পয়েন্ট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় পাঁচ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট ও একটি বাংলাদেশি পিকআপ জব্দ করে। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।
এর আগে ১৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর, লালাখাল ও সুরাইঘাট পৃথক পৃথক আভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬টি গরু, ২৬টি কম্বল, কিটক্যাট চকলেট ৫৫০ পিস, চিনি ২৮৭ কেজি, চা পাতা ৬৮ কেজি জব্দ করে। এসব মালামালের মূল্য ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেছেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএন/