অপরাধীদের তথ্য দিলে তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এক সমাবেশে বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করার জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের এক জরুরি আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করার এই সিদ্ধান্ত জানানো হয়।
পুলিশ সদরদপ্তরের জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ রাশিদুল ইসলাম খান রবিবার (২১ জুন) তার বর্তমান কর্মস্থল (কেএমপি) থেকে পুলিশ সদরদপ্তরে গিয়ে রিপোর্ট করবেন।
ঘটনার সূত্রপাত গত ১৭ জুন। ওইদিন খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের দমনে জনসাধারণের কাছ থেকে সহযোগিতা ও তথ্য চান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে তথ্যদাতাদের পরিচয় গোপন ও সম্পূর্ণ নিরাপদ রাখার আশ্বাস দিতে গিয়ে তিনি চরম বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করে বসেন।
উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।'
আজহার/